আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা

অপূর্ব লাল সরকার , আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না- এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধের এ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শিহিপাশা গ্রামের হেমায়েত ফকির ও ঝুমুর আক্তারের ১৫ বছর বয়সী মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আবু বকর সরদার ও সোহেদা বেগমের ছেলে আবিদ সরদারের বিয়ের আয়োজন করা হয়। আবিদ সরদারের বয়স ১৮ বছরের বেশি বলে জানা গেছে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে হস্তক্ষেপ করে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়। এ সময় কিশোরীর মা ঝুমুর আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

প্রশাসনের এ উদ্যোগকে বাল্যবিবাহ প্রতিরোধে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। তাদের মতে, বাল্যবিবাহের ঝুঁকি থেকে কিশোরীদের সুরক্ষা দিতে পরিবার ও সমাজের পাশাপাশি প্রশাসনের নজরদারি অব্যাহত রাখা জরুরি।

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।