মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন- ওসমানীনগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত ইছাক মিয়ার পুত্র এনাম মিয়া (৫৫), পৈলনপুর ইউনিয়নের বকশীপুর গ্রামের মৃত: রশীদ মিয়ার পুত্র রাজা মিয়া (৩৩),২নং সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামের মৃত: মইন উদ্দিন এর পুত্র শাহিন মিয়া (৪২) এবং মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের মৃত: আমজাদ মিয়ার পুত্র হোসেন মিয়া (৩০)। পুলিশ স‚ত্রে জানা গেছে, শেরপুর ফাঁড়ি পুলিশের কাছে গোপন তথ্য আসে, শেরপুর আবাসিক এলাকার একটি স্থানে মাদকদ্রব্য কেনাবেচার প্রস্তুতি চলছে। পরে শেরপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
