চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা
পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলা ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফয়সাল মাহমুদ।

মৎস্য দপ্তর সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার মেঘার বিলে অভিযান চালিয়ে ১০০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল বিল পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।