চাটমোহরে গণশৌচাগারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর পৌর সদরের ঐতিহ্যবাহী পুরাতন বাজারে গণশৌচাগার নির্মাণসহ বাজারের সার্বিক উন্নয়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে পুরাতন বাজারে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা এই বিক্ষোভ ও মানববন্ধনের আযোজন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আঃ মুত্তালিব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী অনুপ কুমার সরকার, ব্যবসায়ী আব্বাস উদ্দিন, ব্যবসায়ী রবিউল ইসলাম রাহুল, ব্যবসায়ী আজিবর রহমান, ব্যবসায়ী রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা চাটমোহর পুরাতন বাজারে অবিলম্বে একটি গণশৌচাগার নির্মাণের দাবি জানান। একইসাথে বাজারের অভ্যন্তরে রাস্তা নির্মাণ, ড্রেন নির্মান ও পানীয় জলের ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তপক্ষের প্রতি আহবান জানান।

এ বিষয়ে চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী জানান, পূর্বে পুরাতন বাজারে একটি গণশৌচারগার নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া ও টেন্ডার আহবান করা হয়েছিল। কিন্তু জায়গা না পাওয়ায় তা আর বাস্তবায়ন হয়নি। তবে শীঘ্রই পুরাতন বাজারে গণশৌচাগার নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।