ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় একটি পুরাতন কার্গো ট্রাক চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। একই সাথে চুরির ঘটনায় সরাসরি জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়ার বাঙ্গাবাড়িয়া গ্রামের বাসিন্দা বরকত (৫৫) তাঁর নিজস্ব কার্গো ট্রাকটি (রেজি নং: ঢাকা মেট্রো- ট ১৩-৬১৪৭) গত ১৮ আগস্ট দুপুরে বেড়া বাসস্ট্যান্ড সংলগ্ন লিনজা ফিলিং স্টেশনের সামনে পার্কিংয়ে রেখে বাসায় যান। পরদিন ১৯ আগস্ট সকাল ৬টায় এসে তিনি দেখেন ট্রাকটি যথাস্থানে নেই। অজ্ঞাতনামা চোরেরা ট্রাকের ডেক খুলে সেটি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বরকত বাদী হয়ে ১৯ আগস্ট বেড়া মডেল থানায় একটি চুরি মামলা (মামলা নং-০৫, ধারা-৩৭৯/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই তদন্তভার প্রাপ্ত হয়ে বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত সাহা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করেন। ২০ আগস্ট রাত ১২:৩০ টার দিকে (দিবাগত রাত) টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন বাঁশতৈল পুলিশ ফাঁড়ি এলাকার সহযোগিতায় এক যৌথ অভিযান পরিচালিত হয়। সেখান থেকে চোরাই ট্রাকটি উদ্ধার করা হয় এবং চুরির সাথে জড়িত এক আসামিকে আটক করে পুলিশ।
ঘটনার এক দিনের মধ্যেই চুরি যাওয়া গাড়ি উদ্ধার ও আসামি গ্রেফতার হওয়ায় পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদীসহ স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, পাবনার পুলিশ সুপার জনাব আবু আশ্রাফের সার্বিক দিক-নির্দেশনায় চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে বেড়া থানা পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। চুরির এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
