ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন চকভড়িয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন (পাগল) নারী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরাঘুরি করতেন। সম্প্রতি তিনি একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেন। এক অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারী কীভাবে মা হলেন এবং সদ্যজাত সন্তানের বাবার পরিচয় কি? এ নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
নবজাতক ও তার ভারসাম্যহীন মায়ের সুরক্ষায় এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মানবিক দৃষ্টিকোণ থেকে মা ও শিশুকে নিজেদের হেফাজতে নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তবে মা ও শিশুর দীর্ঘমেয়াদী সুরক্ষা, চিকিৎসা এবং আইনি প্রক্রিয়ার জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ বিষয়ে চকভড়িয়া গ্রামের বাসিন্দারা বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা (ইউএনও) এবং আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, নবজাতকের পিতৃ পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মা ও শিশুর নিরাপদ ভবিষ্যতে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
