বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি: নাটোরে শিক্ষার্থীদের মাঝে ৩৫০ গাছ বিতরণ

নাটোর প্রতিনিধি

সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে নাটোরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ⁠।মঙ্গলবার (১৮ আগস্ট) নাটোর সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।কর্মসূচির আওতায় বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে ৩৫০টি বনজ, ফলদ, ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, আজকের এই শুভক্ষণে বসুন্ধরা শুভসংঘের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশ রক্ষায় একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। বিএনপির একজন রাজনৈতিক কর্মী ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমি মনে করি, সুস্থ ও সুন্দর আগামী বিনির্মাণে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে আমাদের সকলেরই উচিত পরিবেশ রক্ষায় এগিয়ে আসা। বিশেষ করে আমাদের তরুণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগিয়ে তোলার জন্য আমি বসুন্ধরা শুভসংঘ ও এর সঙ্গে জড়িত প্রতিটি কর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি, বসুন্ধরা গ্রুপের এমন মহৎ ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রাশেদুল ইসলাম রাশেদ, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার গোলাম রাব্বানী, কালের কন্ঠের নাটোর প্রতিনিধি ও শুভ সংঘের উপদেষ্টা রেজাউল করিম রেজা, দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা প্রমুখ