কমলগঞ্জে হামলা মামলার আসামি শহিদুল ইসলাম গ্রেপ্তার, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে হামলা, রক্তাক্ত জখম, মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার ৪ নম্বর আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সোমবার (১৭ আগস্ট) কমলগঞ্জ থানার এসআই রাজিব চন্দ্র রায় অভিযান পরিচালনা করে শহিদুল ইসলামকে আটক করেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৭ মার্চ-২০২৬ দুপুরে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায় পূর্ববিরোধের জের ধরে হামলা চালানো হয়। এ হামলায় মনির হোসেনসহ একাধিক লোকজন গুরুতর আহত হন।
এ ঘটনায় ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকার বাসিন্দা সোহেল মিয়া বাদী হয়ে মো. বিল্লাল হোসেনকে ১নং আসামি, তৌহিদুল ইসলামকে ২নং, জামাল হোসেনকে ৩নং এবং শহিদুল ইসলামকে ৪নং আসামিসহ মোট ১৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় (মামলা (নং-০৩, তারিখ :০২/০৪/২০২৬ইং) জিআর- মামলা নং- ৩৭/২০২৬ইং, দায়ের করা হয়। বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মসজিদের হিসাব-নিকাশ নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় মুসল্লিরা হিসাব চাইলে বিষয়টি উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের নজরেও আসে। মসজিদের হিসাব নিয়ে বিরোধের জের ধরে এ হামলা ও মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠে।