ইয়ানূর রহমান : যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে ও বাঘারপাড়ার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। রাব্বী রুবেল হোসেনের ছোট বোনের দেবর। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কি করানে এ হত্যা তার কারন খুজতে পুলিশ কাজ করছে। একই সাথে অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।#
