আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজন মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন| দন্ডপ্রাপ্ত হলো, আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের আবুল হোসেনের ছেলে রিপন হোসেন (৩৫), সাহেবপাড়ার মোসলিম উদ্দিনের ছেলে মো: বাবলু (৪৪) ও ইয়ার্ড কলোনীর মুসলিম উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম ভোলা (৩৬)| গত মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তাদের আটক ও বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে|
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত মঙ্গলবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলা সদর ও সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন| অভিযানে উল্লেখিত তিনজন মাদক কারবারিকে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়| এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি রিপন হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২দিন , মো: বাবলুকে ১ মাসের কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো ২দিন এবং শফিকুল ইসলাম ভোলাকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো ২দিনের বিনাশ্রম করাদন্ডের আদেশ দেন| এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে|