টাঙ্গাইলে ব্যবসায়ীর লাশ লাশ উদ্ধার, ‘আঘাতের চিহ্ন’

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ : টাঙ্গাইলের সদর উপজেলায় এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার(০৫ জুলাই) সকালে মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ৪৮ বছর বয়সী মাসুদ মিয়া ওই গ্রামের মো. লাল মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মগড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরহাদ আলী জানান, “শনিবার রাত ১০টার দিকে মাসুদ তার মুদির দোকান বন্ধ করে বাড়ি যান। পরে দোকানের কাজ আছে বলে স্ত্রীকে জানিয়ে আবার বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি।
“ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা কুইজবাড়ী এলাকার একটি সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।”
তিনি বলেন,“মাসুদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।