মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার পর একই দিন ফের বহিস্কারাদেশ বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে প্রকাশিত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত পৃথক দুইটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রথম প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখনের বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বস্ব পদে বহাল করা হলো। দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তিতে
ভুলবশতঃ চাটমোহর পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন ও চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনের বহিস্কারাদেশ প্রতাহার করা হয়েছিল। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তানভীর জুয়েল লিখন ও ফারুক হোসেনের বহিস্কারাদেশ বহাল থাকবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কে›ন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনানুয়ায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির বিদ্রোহী প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে যুবদলের এই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।
