বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার বেড়ায় ফসলি জমির পাশে অবৈধভাবে পুকুর থেকে মাটি কাটার দায়ে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। (২০ মে) বুধবার দুপুরে উপজেলার আমিনপুর থানা এলকার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার হালিম মোল্লার পুকুরপাড়ে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফসলি জমির পাশে পুকুর থেকে এসকোভেটর( ভেকু) দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, গত সাতদিন ধরে উক্ত স্থান ও তার পাশের রাস্তা থেকে ভেকু দ্বারা মাটি কাটছেন ওই ব্যক্তি এটি প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
