সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ লুট

নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া পৌর শহরে দিনেদুপুরে এক ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী শাহিনুর রহমান শাহিন জানান, পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা নগদ ১০ লাখ টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে বাড়িতে ফিরে এসে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন তারা।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে।