লালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় বৈধভাবে ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন খায়রুল ইসলাম।
রবিবার (১৭ মে ২০২৬) সকালে উপজেলার গোপালপুরে মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, চককামারহাটি মৌজার ৪৭ ও ৪৮ খতিয়ানের ৩৫, ৮২, ১৩১, ১৬১ ও ৪ নম্বর দাগে মোট ১০৩ শতাংশ জমি তিনি বৈধভাবে ক্রয় করেন।
তার অভিযোগ, জমি ক্রয়ের পর থেকেই একই গ্রামের বিরাজ উদ্দিনের ছেলে আশরাফ হোসেন (৪০), মৃত রাহাত উল্লাহর ছেলে রফিক হোসেন (৫৫), রসুল উদ্দিন (৪৪) এবং মৃত ওয়াজ উদ্দিনের ছেলে জালাল উদ্দীন (৬০) জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন। তিনি জমিতে চাষাবাদ করতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।
খায়রুল ইসলাম আরও জানান, এ ঘটনায় তিনি লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া বিষয়টি নিয়ে চংধুপইল ইউনিয়ন গ্রাম আদালতে অভিযোগ দায়ের করলে অভিযুক্তদের ২৫ হাজার টাকা জরিমানা করা হলেও তারা এখনো জমির দখল ছাড়েননি।
সংবাদ সম্মেলনে তিনি তার ক্রয়সূত্রে প্রাপ্ত জমির সুষ্ঠু দখল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিচারের দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।