নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শ্রমিকরা। এ সময় অভিযুক্ত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি মোটর শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচন আয়োজনের দাবিও তোলা হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মহানগরীর ভদ্রা মোড়ের স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা অংশ নেন। স্থানীয়রা জানায়, অভিযুক্ত রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সহ-সভাপতি। জুলাই অভ্যুত্থানের পর ইউনিয়নের সাধারণ সম্পাদক আত্মগোপনে গেলে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি রাজশাহী মহানগর শ্রমিক দলের আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন। মানববন্ধনে অংশ
নেওয়া শ্রমিকরা ‘শ্রমিকদের ওপর হামলা কেন পাখি তুই জবাব দে’, ‘অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন দিতে হবে’, ‘শ্রমিক ইউনিয়ন অশান্ত কেন পাখি তুই জবাব দে’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শ্রমিকদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা অবিলম্বে রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন,মোঃ শামীম, মোঃ স্বপন, মোঃ নাজমুল, মোঃ লিটন, মোঃ
আজমত আলী, মোঃ জাহাঙ্গীর, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ শিমুলসহ অন্যান্য শ্রমিক নেতারা।
কর্মসূচি শেষে শ্রমিকরা তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করেন।#
