বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চর কাউরিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধের বাড়িতে তৃতীয় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে চরকাউরিয়া এলাকার বৃদ্ধ আজিজুল হকের বাড়িতে হামলায় চালায় একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে দুলাল মিয়া, পিসু মিয়া, সাবিনা বেগম, ময়না বেগম ও ছামার নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বৃদ্ধ আজিজুল হক।
এবারের হামলায় আজিজুল হকের গোসলখানা ও ঘরের বেড়া ভাঙচুর করা হয়েছে।
এর আগে গত ৫ এপ্রিল বিকালে আজিজুল হকের বাড়িতে হামলা চালায় দুলাল মিয়া ও তাঁর ছেলেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক এর সাথে দুলাল মিয়ার দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। দীর্ঘদিন যাবত ১৪ শতাংশ জমি নিয়ে মামলা চলমান রয়েছে। ওই বিরোধের জের ধরে জোরপূর্বক আমার বাড়িতে মৃত মকবুল হোসেনের ছেলে দুলাল মিয়া, পিসু মিয়ার নেতৃত্বে আজিজুল হককে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে।
এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে দুলাল মিয়া ও তার লোকজন বৃদ্ধ আজিজুলকে ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন।
আজিজুল হক জানান, রোববার (১৯ এপ্রিল) সকালেও পূর্ব পরিকল্পিতভাবে তাঁরা আমার বাড়িতে এসে হামলা করে গোসলখানা ও ঘরের বেড়া ভাঙচুর করেছে। আমি ও আমার স্ত্রী চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের পাঁয়তারা করছে দুলাল ও তাঁর লোকজন। আমরা দুলালের হাত থেকে পরিত্রাণ চাই।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
