খালেদ আহমেদ :
অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে নগদ অর্থ ও ব্যাংক চেকের মাধ্যমে ১০ লক্ষ টাকার জাকাত প্রদান করেছেন মানবতার ফেরিওয়ালা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।
মঙ্গলবার (১৭ মার্চ) পাবিপ্রবি’র সামনে মাহাতাব বিশ্বাস গ্রীন সিটির ফিরিদা টাওয়ার কর্পোরেট অফিসে সকাল থেকে দুপুর পর্যন্ত এই জাকাত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দালিফ ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকন, মাহাতাব বিশ্বাস ট্রাস্টের সভাপতি নীল বিশ্বাসসহ মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।
অসুস্থ শরীর নিয়েও তিনি দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এবং নিজ হাতে চেক স্বাক্ষর করে সবার সাথে হাসিমুখে কথা বলেন। এসময় তিনি বলেন, “যত বেশি দান করতে পারি ততই ভালো লাগে। সবকিছুরই একটা সীমা থাকা উচিত, কিন্তু এবছর যত টাকা জাকাত দেওয়ার কথা ছিল তার চেয়েও বেশি দিয়ে ফেলেছি। কী করবো—যারা আসে তারা আশা নিয়েই আসে, কাউকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না।”
উল্লেখ্য, অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস পাবনা কলেজ, হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজ, পদ্মা কলেজ, ক্যাডেট কলেজিয়েট স্কুল, ফজিলাতুন্নেছা গার্লস হাই স্কুলসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে এবং নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে তিনি একাধিক আন্দোলন গড়ে তুলে সফল নেতৃত্ব দিয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পক্ষে লাঠি বাহিনী নিয়ে তার সফল আন্দোলন।
রাজনীতিতেও তিনি একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। ৯০-এর দশকে বাংলাদেশের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।
সমাজসেবায় তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। এছাড়াও কয়েক শত মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণসহ নিয়মিত অনুদান প্রদান করে যাচ্ছেন। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা, কন্যাদায়গ্রস্ত পিতাদের সহযোগিতাসহ অসংখ্য মানবিক কর্মকাণ্ডে তার প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ রয়েছে।
সাংবাদিকতা জগতেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি পাবনার প্রথম শ্রেণির পত্রিকা দৈনিক ইছামতি’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া *দৈনিক সিনসা’র নির্বাহী পদে এবং পাবনার সময়সহ প্রায় সব মিডিয়ার সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে।
দেশ-বিদেশে তিনি নানা সম্মানে ভূষিত হয়েছেন।
মিষ্টভাষী এই সমাজসেবক সকলের কাছে দোয়া কামনা করেছেন।
