এবি ট্রাস্টের ইফতার মাহফিল শায়েস্তা খাঁ মসজিদে

বিশেষ প্রতিনিধি :
এবি ট্রাস্টের উদ্যোগে ও সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে পাবনার বিভিন্ন মসজিদে আয়োজিত ইফতার মাহফিলের অংশ হিসেবে দক্ষিণ রাঘবপুর শায়েস্তা খাঁ রোড জামে মসজিদে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) আসর নামাজ আদায়ের পর আলোচনা পর্বের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মসজিদের খতিব ইব্রাহীম খলিলুল্লাহ এবং দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান।
ইফতারির পূর্বে এবি ট্রাস্টের পক্ষ থেকে এর উদ্দেশ্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ।
মসজিদ পরিচালনা কমিটির প্রচার সম্পাদক কায়েম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মাহফিলে আরও উপস্থিত ছিলেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজি পাপ্পুসহ এলাকার মুসল্লীগণ।
উল্লেখ্য, গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এবি ট্রাস্ট সমাজে মানবসেবা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে গড়ে ওঠা এই ট্রাস্ট তাঁর নিজস্ব প্রায় ১১০ একর সম্পত্তি দানের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এবি ট্রাস্টের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্র সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষাবৃত্তি, নারীদের স্বাবলম্বীকরণ, খাদ্য বিতরণ, টিউবওয়েল স্থাপন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ট্রাস্টটি।