পাবনায় রোটারি ক্লাব অব নিউ সিটির ঈদ সামগ্রী বিতরণ

খালেদ আহমেদ :
সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মহৎ উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়নে রোটারি ক্লাব অব নিউ সিটি এবারও আয়োজন করেছে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ক্লাবের সদস্যদের সম্মিলিত সহযোগিতায় ৩ শতাধিক মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়, যা মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
মঙ্গলবার ১৭ মার্চ সকাল সাড়ে ১১টায় শালগাড়িয়া শিমলা হাসপাতালের অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মুকাদ্দিস আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম রব্বানী কামনা।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব গোলাম রব্বানী কামনা বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগাভাগি করা যায়। রোটারি ক্লাবের সদস্যরা নিজেদের অর্থায়নে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং সমাজের অন্যদের জন্য অনুকরণীয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রজেক্ট চেয়ার রোটাঃ সিরাজুল ইসলাম পিএইচএফ।
এ সময় আরও বক্তব্য দেন পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ এড. আমিনুল ইসলাম পটল।
অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীর মাঝে ১টি শাড়ি, ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, আধা লিটার সরিষার তেল, ৩ কেজি আলু, ১ কেজি দুই রকম সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, আড়াইশো গ্রাম গুঁড়া দুধ প্রদান করা হয়। এছাড়াও এসব সামগ্রী বহনের জন্য প্রত্যেককে রিকশা ভাড়া বাবদ নগদ ১০০ টাকা দেওয়া হয়।
প্রতি জনকে মোট ১ হাজার ৮৫০ টাকার সমপরিমাণ পণ্য দিয়ে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটার্ড প্রেসিডেন্ট রোটাঃ আবুল হোসেন পিএইচএফ, আইপিপি রোটাঃ পিয়ার হোসেন বান্না পিএইচএফ, রোটাঃ আলতাফ হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং উপকারভোগী নারী ও পুরুষ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্লাব সেক্রেটারি রোটাঃ আবু দাউদ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ মঞ্জুরা রহমান।