চাটমোহরে জ্বালানি তেলের দাম বেশি নেওয়ার অভিযোগ

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল বিক্রি করছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও সরকারের নির্দেশ অমান্য করে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনে তেলের দাম বেশি রাখা হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে সাধারণ ক্রেতারা।
মঙ্গলবার (১৭ মার্চ) চাটমোহর নতুন বাজার নতুন হাট এলাকায় গোলাম এর তেলের দোকানে ১১৬ টাকা লিটারের পেট্রোল ১৫০ টাকা লিটার বিক্রির অভিযোগ করেছে মোটরসাইকেল চালক ও সাধারণ ভোক্তারা। এদিন সকাল থেকে ডিজেল পেট্রোল ও অকটেন জ্বালানি তেলের ডিলার গোলাম অসাধু উপায়ে তেল মজুদ রেখে উচ্চমূল্যে বিক্রি করছে এরকম অভিযোগের ভিত্তিতে সরজমিনে বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রচুর মোটরসাইকেল চালক মোটরসাইকেলে তেল উত্তোলনের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রত্যেকটি মোটরসাইকেলে পেট্রোল দেড়শ টাকা লিটার দরে বিক্রি করছে।
বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় চালকদের মধ্যে। তারা জানান, অসাধু ব্যবসায়ীরা তেলের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ ক্রেতাদের বিপদে ফেলছেন। এ সকল বিক্রেতাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা উচিত।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।