ওসমান গনি বেড়া(পাবনা)
পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অপরাধে জয়দেব ঘোষ(৪৫) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার পেচাকোলা এলাকায় অবস্থিত একটি দুগ্ধ কারখানায় অভিযান চালিয়ে অপরাধীকে আটক করা হয়। এ ঘটনায় কারখানা থেকে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।জানা যায়, উক্ত এলাকায় অভিযুক্ত ব্যক্তির কারখানায় নকল দুধ উৎপাদন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা প্রশাসন। অভিযানের সময় আসামি মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল দুধ তৈরি ও বাজারজাত করার বিষয়টি স্বীকার করেন।এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় অপরাধীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থ অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা শেষে পাবনা জেলা কারাগারে পাঠানো হয় আসামিকে।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
