ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদী মাছ বাজার থেকে জেলি মিশ্রিত প্রায় ৩০ কেজি হিমায়িত চিংড়ি মাছ উদ্ধার করেছে ঈশ্বরদী মৎস্য ব্যবসায়ী সমিতি। সোমবার (৫ জানুয়ারি) সকালে বাজারে এসব ভেজাল চিংড়ি মাছ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও মৎস্য বাজার সমিতির কর্মকর্তারা জানান, ঈশ্বরদী বাজারে জেলি মিশ্রিত হিমায়িত চিংড়ি মাছ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও সোমবার সকালে কতিপয় ব্যক্তি এসব মাছ বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসেন। এ সময় সমিতির পক্ষ থেকে তাদেরকে মাছগুলো বাজারে বিক্রি না করে নিয়ে যেতে বলা হয়। তারা প্রথমে বাজারে মাছ বিক্রি না করার অঙ্গীকার করেন।
পরবর্তীতে কৌশলে ওই ব্যক্তি মাছ বাজারের ছাদের ওপর নিয়ে গিয়ে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন—এমন সংবাদ পেয়ে ঈশ্বরদী মৎস্য ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাছগুলো আটক করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী মাছের কার্টুন ফেলে রেখে পালিয়ে যায়।
উদ্ধারকৃত জেলি মিশ্রিত চিংড়ি মাছগুলো পরে ঈশ্বরদী আমবাগান জামিয়া সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ বাবু, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, ব্যবসায়ী মজিবুর রহমান, আব্দুল আজিজসহ মৎস্য বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।
