ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরীক্ষা বর্জন, প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে বোর্ড সমাপনী পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এ বিক্ষোভ শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল।

সরেজমিনে দেখা যায়, ইনস্টিটিউটের প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। একাডেমিক-২ ভবন ও সম্মেলন ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ‘কৃষির সৈনিক এক হও, খামার বাড়ির সিন্ডিকেট ভেঙে দাও’, ‘উচ্চ শিক্ষার অধিকার দিতে হবে’—এমন নানা স্লোগানে ক্যাম্পাস মুখর হয়ে ওঠে।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। তারা ক্যাম্পাসের পাশের একটি ভবনের সামনে অবস্থান নেন।

ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী বায়োজিদ হাসান বলেন, “আজ দ্বিতীয় সেমিস্টারের ইংরেজি দ্বিতীয় পত্র এবং ষষ্ঠ সেমিস্টারের জৈব-কৃষি বিষয়ের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার দিকে আমরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

আরেক শিক্ষার্থী শিপন সরকার জানান, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট নিরসনসহ আট দফা দাবিতে তারা আন্দোলন করছেন। তিনি বলেন, “এ বিষয়ে কৃষি উপদেষ্টার কাছ থেকে আশ্বাস পাওয়া গেলেও এখনো তার বাস্তবায়ন হয়নি। আমরা আর আশায় থাকতে চাই না। আমাদের দাবিগুলো প্রজ্ঞাপন আকারে জারি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষণার সঙ্গে সংহতি রেখে আন্দোলন চালিয়ে যাব।”

এ বিষয়ে ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মতলেবুর রহমান বলেন, “আমরা শিক্ষার্থীদের আন্দোলন না করে পরীক্ষার হলে অংশগ্রহণের বিষয়ে বোঝানোর চেষ্টা করেছি। তবে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে। প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় আমরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”