নাটোর প্রতিনিধি.
নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে মাদ্রাসার নামে অর্থ সংগ্রহ করতে গিয়ে তিনজন গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকাররা হলেনÑপাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩০), একই গ্রামের রফিকুল ইসলাম (৩৬) ও মামুন হোসেন (২৩)। স্থানীয়রা জানান, তারা সিংড়ার চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দেখিয়ে দোকান ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিলেন। এ সময় সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে একটি দোকানে আটকে রেখে মাথার চুল কেটে মারধর করেন। পরে তাদের কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা, রশিদ ও একটি ঘড়ি জব্দ করা হয়।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গণপিটুনির শিকার ওই তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই তিন ব্যক্তি মূলত বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসার হয়ে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করেন এবং এর বিনিময়ে কিছু টাকা কমিশন হিসেবে পান।#
