সিংড়ায় ঘাতক বাস কেড়ে নিল দুটি জীবন বাস জব্দ, মামলা দায়ের

নাটোর প্রতিনিধি.
নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানচালক সহ দুইজন নিহত হয়েছেন। শনিবার রাত ১০ টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার লালোর ইউনিয়নের বড়বারইহাটি গ্রামের তাইরুদ্দির ছেলে রাজমিস্ত্রী আক্তার হোসেন (৪৪) ও একই এলাকার খয়রুদ্দিনের ছেলে ভ্যানচালক মোজা মিয়া (৪০)।
পুলিশ জানায়, শনিবার রাতে বগুড়া থেকে জান্নাতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের খেজুরতলা এলাকায় অপর দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক মোজা মিয়া ও ভ্যানযাত্রী আক্তার হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।