নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে ডাকাত দলের সদস্য সাজেদুল শেখ ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা করেন হিমাগারের ব্যবস্থাপক আকবর আলী। এতে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজশাহী নগরীর উপশহরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এএএম হুমায়ুন কবীর জানান, তিনি জানান, একটি ডাকাত দল মুখ ঢেকে ও পায়ে জুতা ছাড়া দেশ কোল্ড স্টোরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে স্টোরের নিরাপত্তারক্ষী এবং শ্রমিকদের হাত-পা বেঁধে ফেলে। পরে হিমাগারের পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গায় রক্ষিত যন্ত্রাংশ ও ধাতবসামগ্রী লুট করে। তারা নগদ টাকাসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।শুধু এ ঘটনাটিই নয়, সাম্প্রতিক সময়ে রাজশাহী অঞ্চলে এই চক্র মিনি ট্রাকে করে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ডাকাতি করছে। তারা মূলত মূল্যবান তামার তারের লোভে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যন্ত্রাংশ লুটপাট করছে। আমরা ধারণা করছি, সংঘবদ্ধ এ চক্রটিই নাটোরের চিনিকলে কয়দিন আগে যে ডাকাতির ঘটনা ঘটে, সে ঘটনার সঙ্গেও জড়িত। আমরা মোহনপুর কোল্ড স্টোরের ভিডিও ফুটেজ এবং নাটোর চিনিকলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে মেলানোর চেষ্টা করেছি। তাতে মুখ খোলা একজন ব্যক্তিকে দুটি ঘটনার সঙ্গেই সম্পৃক্ততা রয়েছে বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। হুমায়ুন কবীর জানান, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে জানা গেছে-সিরাজগঞ্জের বেলকুচির বাসিন্দা বাবা-ছেলে সাদেক ও হাসান বর্তমানে ঢাকায় থেকে এই ডাকাত দল পরিচালনা করেন। তাদের নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি দল সারাদেশের বিভিন্ন কলকারখানা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তামার তার ডাকাতি করে। এছাড়া ডাকাতির কাজে তারা দুটি নম্বরবিহীন পিকআপ ভ্যান ব্যবহার করে এবং ব্যবহৃত মোবাইল সিম একবার ব্যবহার করেই ফেলে দেয়। এই দলের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।#
