রাজশাহীতে ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিচারের দাবিতে গণস্বাক্ষর

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল সোমবার (১১ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে। শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তাকারী সন্ত্রাসী ও দুর্নীতিবাজ শিক্ষকদের গ্রেপ্তারের দাবিতে আমরা আগে একাধিক কর্মসূচি পালন করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তাই শিক্ষার্থীদের মতামত সংগ্রহের জন্য এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়েছে। তিনি বলেন,জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আওয়ামীলীগ সমর্থক শিক্ষকেরা সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছিলেন। এর বিচারের দাবিতেই আমরা এই কর্মসূচি করছি। শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করে মতামত নিয়েই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) শাখা ছাত্রদল ২১ জন শিক্ষকের নাম প্রকাশ করে তাদের দুর্নীতিবাজ ও সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে বিক্ষোভ সমাবেশ করেন।#