দেশের সকল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন করা হবে -আসিফ মাহমুদ

নাটোর প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারাদেশে এ পর্যন্ত নাটোরসহ প্রায় দেড়শ’টি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। তিনি বলেন, দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। এই লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং যুব ঋণ নীতিমালাকে যুগোপযোগী করা হচ্ছে। উপদেষ্টা শনিবার সরাসরি নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম এবং ভার্চুয়ালী ১০টি জেলার ১৩টি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে নাটোরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, তরুণদের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। তরুণদের বেকারত্ব নিরসন করে কর্মসংস্থানের ব্যবস্থা তৈরীতে আমরা উদ্যোগ গ্রহন করেছি। এই লক্ষ্যে বিশ্বমানের এআই প্রযুক্তিসহ প্রযুক্তি নির্ভর যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান এবং ইকো সিস্টেম গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বিডা এবং আইসিটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে, গঠন করা হয়েছে একটি টাস্কফোর্স কমিটি। তিনি বলেন, উপদেষ্টা বলেন, ক্রীড়াঙ্গনে বিকেন্দ্রীয়করণ নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে। এসব স্টেডিয়ামের পরিচর্যা করতে হবে। ষ্টেডিয়ামগুলো যেন বিভিন্ন ক্রীড়া চর্চার মাধ্যমে বছরব্যাপী সচল থাকে। এক্ষেত্রে ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সফলতা বয়ে আনা সম্ভব। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এবং নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম। উপদেষ্টা বেলা একটায় নাটোর সার্কিট হাউজে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বাস্তবায়িত প্রকল্পসমূহের ভার্চুয়াল উদ্বোধন করেন। এদিকে নাটোরে গোয়েন্দা পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপি নেতৃবৃন্দ। দুপুরে জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ শহরের হরিশপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জেলা প্রশাসনের মাধ্যমে আমন্ত্রিত হয়ে সদর উপজেলা মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে তিনিসহ বিএনপি নেতৃবৃন্দ যান। পরে তারা স্টেডিয়ামের ভেতরে প্রবেশের সময় ডিবি পুলিশ তাদের বাধা দেয়। এসময় নেতৃবৃৃন্দ অনুষ্ঠান বর্জন করে চলে আসেন। অপরদিকে জুলাই যোদ্ধারাও অনুষ্ঠানে আলোচনা সভায় অংশ নেন। সেখানে তাদের জন্য নির্ধারিত আসন না থাকায় তারা দাড়িঁয়ে থাকেন। এসময় তাদের সাথে জেলা এনসিপি নেতাদের বাকবিতন্ডা বাধে। পরে তারা হট্রগোল শুরু করেন। পরে প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।