ইরান ইঙ্গিত দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোববারের মন্তব্য অনুযায়ী, ইরানের প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন দলের ‘খুব ভালো’ আলোচনা হয়েছে।
সোমবার (২৬ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সাক্ষাৎকারে বলেন, পারমাণবিক কর্মসূচি এমন হবে যা অস্ত্র তৈরিতে ব্যবহার হবে না, এমন শর্ত থাকলে ইরান এ বিষয়ে আপোস করতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তিতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার রক্ষা করা আবশ্যক।
তিনি আরও উল্লেখ করেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার বিষয়টি ইরান মেনে নেবে না। বিশেষ করে তিন বছরের জন্য সমৃদ্ধকরণ বন্ধ রাখার কোনো প্রস্তাব ইরান গ্রহণ করবে না বলেও জানান তিনি।
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ হয়েছে। তবে বাঘাই সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক অধিকার হ্রাসের জন্য আলোচনা চালায়, তবে ফলাফল আসবে না। পরবর্তী আলোচনার সময় সম্পর্কে ইরান মধ্যস্থতাকারী ওমান থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে, যার লক্ষ্য দীর্ঘদিনের বিরোধের সমাধান। তবে উভয় পক্ষ এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে জনসমক্ষে কঠোর অবস্থান বজায় রাখছে। তথ্যসূত্র: সিএনএন
