বিশেষ প্রতিনিধি :
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিনের বিরুদ্ধে।
এ ঘটনায় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আমিরুল ইসলাম রাঙা অভিযোগে তিনি দাবি করেন, তাঁর স্বাক্ষর জাল করে সদর উপজেলার আতাউল্লাহপুর গ্রামের লোকমান হাকিমের মেয়ে মোছা. সাবিনা ইয়াসমিনকে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, বিভিন্ন সূত্রে তিনি জানতে পেরেছেন, ওই প্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রহণ করে প্রায় তিন বছর আগের তারিখে রেজুলেশন ও পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কাগজপত্র দেখিয়ে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে এ নিয়োগের বিষয়ে তিনি এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা কিছুই জানতেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আমিরুল ইসলাম রাঙার দাবি, নিয়োগের বিষয়টি গোপন রেখে বেতন-ভাতা চালুর জন্য কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে তিনি জানতে পারেন, নিয়োগ-সংক্রান্ত কাগজপত্রে তাঁর স্বাক্ষর নকল করা হয়েছে। এ-সংক্রান্ত প্রমাণ ও কাগজপত্র তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
অভিযোগকারী আমিরুল ইসলাম রাঙা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিনের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাে. হাফিজুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে শুনলাম। আমাকে দায়িত্ব দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
