ইয়ানূর রহমান : হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলি (কালী পূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে পণ্যজট সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বন্দর সূত্রে জানা গেছে, দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন ভারতের সঙ্গে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। এ ছাড়া চিকিৎসা, ব্যবসা ও ব্যক্তিগতসহ নানা প্রয়োজনে প্রতিদিন ২ হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। এ বন্দরের বাণিজ্যিক কার্যক্রম থেকে সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা এবং ভ্রমণ খাত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব আয় করে। তবে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ পণ্য খালাস ও আন্তর্জাতিক যাত্রী চলাচল স্বাভাবিক থাকায় বন্দর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।
