টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

কামরুল হাসান : টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, মো. মজনু মিয়ার ছেলে মো. রিফাত, মো. মোবারকের ছেলে আব্দুর রউফ, সদর উপজেলার পয়লা পশ্চিম পাড়া গ্রামের মো. নিলু মিয়ার ছেলে মো. আমির হামজা, কালিহাতী উপজেলার পৌলি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে আল আমিন ও দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া।
পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ২৯ অক্টোবর এক গৃহবধূ দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামে তার ফুফুর বাড়িতে যান। ফুফুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন তিনি।
ওইদিন রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাকে একটি টেক্সটাইল মিলের অফিস রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এছাড়া তারা ওই গৃহবধূর মোবাইল ফোন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেন।
দেলদুয়ার থানার পরিদর্শক আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে আসামিদের নামে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে অপরাধ প্রমাণ হওয়ায় এ রায় দেন আদালত। পরে আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।