ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজারসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন তিন জন। নিহত বাসের সুপার ভাইজারের নাম মো. সুমন। অপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি। সোমবার রাতে পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, বকশিগঞ্জ ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এলেঙ্গা বাসস্ট্যান্ড পার হওয়ার পর অপর একটি বাসের সাথে প্রতিযোগিতা শুরু করে। বাসটি আগে যেতে না পারায় পাশের সার্ভিস লেনে নামিয়ে দেয়। সেখানে কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটি ও দেয়ালের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপার ভাইজারসহ দুই জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।