সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

কিশোরগঞ্জ: নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের ফাইজুল হক গোলাপ।
মানববন্ধনে বক্তব্য দেন কিশোরগঞ্জ সম্পাদক পরিষদের সম্পাদক হাকিম মো. ফজলুর রহমান, বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাজন আহমেদ পাপন, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহান, বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখার সভাপতি এসকে শাহীন নবাব, করিমগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান বিপ্লব এবং পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাব ও শ্যামবাজারের জেলা প্রতিনিধি মো. আফসার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সকালের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ভূঁইয়া, দৈনিক কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার ফায়জুল ইসলাম, সরেজমিন বার্তার কিশোরগঞ্জ প্রতিনিধি আজিজুল হক ফাহিম, মানবাধিকারকর্মী ফরিদ উদ্দিন, এসকে বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আওয়াল, দৈনিক উন্নয়নের বাংলাদেশের প্রতিনিধি সোহেল মিয়া, দেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সুজন চন্দ্র দাস, স্বদেশ বিচিত্রার প্রতিনিধি এফএম আব্বাস উদ্দিন, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল মিয়া, দৈনিক জনতার প্রতিনিধি মিজানুর রহমান, জনতার শক্তির প্রতিনিধি সুজন মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। এ ধরনের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের নেতারা যৌথভাবে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
কেন্দ্রীয় বিএমইউজের নিন্দা ও তিন দফা দাবি এদিকে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।
বিবৃতিতে তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে কিংবা স্বাভাবিক চলাচলের সময় একজন তরুণ সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা শুধু নৃশংস হত্যাকাণ্ড নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। এ ঘটনা দেশে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
বিএমইউজে নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ অপরাধীদের পাশাপাশি মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান; এবং মফস্বলসহ সারা দেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
যেভাবে নিহত হন সাংবাদিক আলিফ
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নেত্রকোণার কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন বলে দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে। তিনি একটি বেসরকারি আইপি টিভিতে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের ফেসবুক পেজের মাধ্যমে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতেন। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
বিএমইউজে নেতৃবৃন্দ নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।