কামরুল হাসান : কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের কাছাকাছি রমজানের ঘের এলাকায় অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক আড়াইটার দিকে মিয়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশের সময় সন্দেহভাজন দুই ব্যক্তির গতিবিধি নজরে আসে টহল দলের। তাদের থামার সংকেত দেওয়া হলে পালানোর চেষ্টা করেন তাঁরা। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের উনচিপ্রাং এলাকার মৃত অছির রহমানের ছেলে অলি হোসেন (৩৭) এবং কুতুবদিয়া গ্রামের নুরুল আহম্মেদের ছেলে মো. মানিক (২২)।
পরে আটক ব্যক্তিদের সঙ্গে থাকা একটি পোটলা তল্লাশি করে ইয়াবার চালানটি পাওয়া যায়। খাকি রঙের মোড়কের ভেতরে নীল রঙের বায়ুরোধী সাতটি প্যাকেটে এসব মাদক রাখা ছিল। সেখান থেকে মোট ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানা গেছে।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সীমান্তের নিরাপত্তা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবা ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করা হবে।
