ছাতকে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছাতক পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহি উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।

তাঁরা আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয় নয়; এটি পরিবার, সমাজ ও জনস্বাস্থ্যের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। তাই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সচেতন করে তোলা বিশেষভাবে প্রয়োজন।

বক্তারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৌর এলাকার বাসিন্দাদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্যানিটেশন ও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।