চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

কামরুল হাসান : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তসংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মদ ও নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ এবং ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল রাতে মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। পরে একই এলাকায় পৃথক আরেকটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে।

জব্দ করা মদ ও সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪৭ হাজার ৩০০ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্যগুলো বিধি অনুযায়ী শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩৬ বোতল মদ জব্দ করা হয়েছে।

মাদক চোরাচালান প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন ও মাদক চোরাচালান প্রতিরোধ এবং অন্যান্য অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবি নিয়মিতভাবে কাজ করছে।