বেড়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বৃক্ষ বিতরণ

​ওসমান গনি বেড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার বেড়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গিকার বাস্তবায়নের অংশ হিসেবে কলেজ শাখা ছাত্রদল এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
​প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহর দিকনির্দেশনা এবং বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়। বেড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সালমান হোসাইনের সার্বিক সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরেণ মায়িশা খান। তিনি সাধারণ শিক্ষার্থীদের হাতে বৃক্ষ তুলে দেওয়ার এমন পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবুজর গিফারী।
​কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সালমান হোসাইন তাঁর বক্তব্যে বলেন, “সবুজ বাংলাদেশ গড়া ও পরিবেশ রক্ষায় আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখব।”
​অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।