মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নাদিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার স‚ত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সদর মডেল থানাধীন ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের নাদিরপুর গ্রামে মনু নদী ব্রিজের দক্ষিণ পাশে ১ নম্বর সুইস গেটের সামনে সড়কে অভিযান চালানো হয়। অভিযানে সুজন আহমদ (২৫) ও সুমী রানী শব্দকর (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। সুজন কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে। অপর গ্রেপ্তার সুমী রানী শব্দকর একই উপজেলার পতনঊষার এলাকার বাসিন্দা। অভিযানকালে সুজনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে সুমী রানীর কাছ থেকে আরও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। মামলার বাদী পরিদর্শক মাসুুুর রহমান তালুকদার।
