৮ বছর পর ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচন, তফসিল ঘোষণা

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে দীর্ঘ ৮ বছর পর ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে আয়োজিত তফসিল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিশনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছায়াদ ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম।

এ সময় ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিশনের সদস্য, সাধারণ ব্যবসায়ীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৭ ও ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৩০ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ৪ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচন পরিচালনা কমিশন ও উপস্থিত ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালটের মাধ্যমে গোপন কক্ষে ১ হাজার ৪৩৯ জন ভোটার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

শেষে নির্বাচন কমিশনার সবার সামনে নির্বাচনের আচরণবিধি পাঠ করে শোনান। তিনি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালমান আহমদ বলেন, দীর্ঘ ৮ বছর পর ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন হচ্ছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা চাই একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুন্দর নির্বাচন। যার মাধ্যমে একটি পরিচ্ছন্ন নির্বাচিত কমিটি গঠিত হবে। সেই কমিটি ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে।