মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন: বেড়ায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

​ওসমান গনি , বেড়া,পাবনা প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু সংক্রমণ রোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে পাবনার বেড়া উপজেলায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
​প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় পরিচ্ছন্নতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
​ইউএনও রুনাল্ট চাকমার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসভা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার এবং জঙ্গলকীর্ণ এলাকা পরিষ্কার করা হয়। একই সাথে জমে থাকা পানি অপসারণ এবং মশক নিধনে ওষুধ ছিটানো হয়।
​অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে নিজ নিজ বাসা-বাড়ি, আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখা সবার নাগরিক দায়িত্ব। ৩ মাসব্যাপী এই অভিযান ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পরিচালনা করা হবে।”
​অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা এবং জমে থাকা পানি তিন দিনের বেশি না রাখার জন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।