ওসমান গনি বেড়া প্রতিনিধি:
পাবনার বেড়া পৌর এলাকায় চিহ্নিত মাদক কারবারি মোঃ স্বপন (৩৫)-এর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ২:৪০ ঘটিকায় বেড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৈত্রবাধা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৈত্রবাধা গ্রামের
ইউনুস আলী (ইনু)-এর ছেলে স্বপন দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে গাঁজাসহ নানা ধরনের মাদকের বিস্তার ঘটিয়ে আসছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে একাধিকবার গ্রেপ্তার করলেও বারবার জামিনে বের হয়ে সে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়ে। সর্বশেষ চলতি বছরের ৪ জুলাই ভ্রাম্যমাণ আদালত মাদক সংক্রান্ত অপরাধে তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছিলেন। কিন্তু সাজা পাওয়ার মাত্র দুই-তিন মাসের মাথায় সে জামিনে মুক্ত হয়ে ফের এলাকায় অপরাধের সাম্রাজ্য গড়ে তোলে।
এলাকাবাসী জানান যে,আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীদের এভাবে দ্রুত জামিনে বের হয়ে আসা এবং পুনরায় সমাজ বিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে। শুক্রবার দুপুরে অতিষ্ঠ ও উত্তেজিত জনতা একজোটে চড়াও হয়ে তারা স্বপনের বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পরপরই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পুলিশের সার্বিক সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আইনি প্রক্রিয়ার শিথিলতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন—সাজা পাওয়ার পরও অপরাধীরা কীভাবে এত দ্রুত মুক্ত পেয়ে যায়? নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, “আইনের ফাঁক গলে বের হয়ে যদি মাদক ব্যবসায়ীরা আবার তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এসব ঘটনার পর প্রশাসনের মাদকবিরোধী অভিযানের কার্যকরিতা নিয়েই প্রশ্ন ওঠে।”
বেড়া থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দাবি জানিয়ে এলাকাবাসী কঠোর হুঁশিয়ারি দেন। কোনো ধরনের আইনি শিথিলতা না দেখিয়ে অপরাধী স্বপনসহ সকল মাদক কারবারিকে স্থায়ীভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
