ইয়ানূর রহমান : যশোরের শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর এক ব্যক্তি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের দিকে শার্শা থানা সদর থেকে মাত্র আধা কিলোমিটার দুরে চটকাপোতা গ্রামের দক্ষিণপাড়ার মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের (৪৫) বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত কামাল হোসেন একাধিক বিয়ে করেছন। তাদের ঘরে মোট সাতজন সন্তান রয়েছেন। এর মধ্যে তার আগের দুই স্ত্রীর সঙ্গে পূর্বেই বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ তৃতীয় স্ত্রীও নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে তার বাবার বাড়িতে চলে যান।
পরে তৃতীয় স্ত্রীর ঘরের দুই শিশু সাব্বির (৫) ও জাবির (৩)কে গলায় ফাঁস দিয়ে হত্যা করে কামাল হোসেন নিজেও বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর পেছনে পারিবারিক কোনো বিরোধ বা অন্য কোনো কারণ ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানান।#
