বেড়ায় কুকুরের কামড়ে ২৮ জন আহত

ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়া পৌর এলাকায় দুই দিনে কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জন আহত হয়েছেন।এদের মধ্যে একই কুকুরের কামড়ে তিন মহল্লার ১৬ জন আক্রান্ত হয়েছেন । এবং বাকি ১২ জন পৃথক কয়েকটি কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ আগস্ট রোববার সকাল ১১ টার দিকে বনগ্রাম মহল্লায় রাইয়ান (৮) নামের এক শিশুকে কুকুরটি কামড় দেয়। কুকুরের কামড়ে তার পায়ের মাংস উঠে যায়। এরপর কুকুরটি বনগ্রাম থেকে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ঘুরে একের পর এক মানুষকে আক্রমণ করতে থাকে।কুকুরটির আক্রমণে বনগ্রাম, সান্যালপাড়া, চকপাড়া ও সওদাগরপাড়া মহল্লায় ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিও রয়েছেন। এ ছাড়া বেড়া পৌর এলাকার সানিলা মহল্লার মো. শুভ (৫), দক্ষিণপাড়া মহল্লার আঃ কাদের (৫৫) এবং অন্যান্য এলাকার রাবেয়া (৪০), তধুরী (৭), আরজু (২৭), আলেয়া (৬৫) ও হামিদা (৫০) পৃথক কুকুরের কামড়ে আহত হয়েছেন।স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকটি কুকুর বিভিন্ন সড়ক ও মহল্লায় ঘুরে মানুষকে ধাওয়া করে কামড় দিতে থাকে। এতে বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই কুকুরের ভয়ে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। একই কুকুরের ধারাবাহিক আক্রমণে তিনটি মহল্লায় এবং একই সময়ে অন্য কুকুরের কামড়ে আরও দুই মহল্লাসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে রোববার এবং সোমবার দুপুর পর্যন্ত বেড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে মোট ২৮ জন আহত হয়েছেন। এর মধ্যে একই কুকুরের আক্রমণে বনগ্রাম, চকপাড়া ও সওদাগরপাড়া মহল্লায় আহত হয়েছেন ১৬ জন। স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন নীলা বলেন, জলাতঙ্কে আক্রান্ত হলে কুকুর সাধারণত এরকম পাগলামি করে। কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।