কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মাসজুড়ে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭৩টি মামলা নিষ্পত্তি করে ১২ লাখ ৯ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের প্রথম ১৫ দিনে ১২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে ৩২টি মামলায় ৭ লাখ ১৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এ সময় কারাদণ্ড দেওয়া হয় ২২ জনকে।

অন্যদিকে মাসের দ্বিতীয়ার্ধেও প্রশাসনের অভিযান অব্যাহত ছিল। এ সময়ে আরও ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪১টি মামলা করা হয়। এসব মামলায় ৪ লাখ ৯২ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ২৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ, দণ্ডবিধি এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসহ বিভিন্ন আইনে ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসনের তথ্য বলছে, মাদকবিরোধী অভিযানেই সবচেয়ে বেশি কারাদণ্ড হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ৪৮টি মামলায় ৪৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া আগস্ট মাসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মামলায় মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, জনস্বার্থে আইন বাস্তবায়ন ও অপরাধ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক, বাল্যবিবাহ, ভোক্তা অধিকার লঙ্ঘনসহ জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।