আগৈলঝাড়ায় ৯ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার: থানায় মামলা দায়ের

আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় ৯ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের বড়ইতলা দক্ষিণ গৈলা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার উত্তর শিহিপাশা এলাকার আলেক ফরিয়ার ছেলে সত্তার ফরিয়া (৬০)। সে ভুক্তভোগী সিনাহা আক্তার মুনিয়ার এক প্রতিবেশী চাচাতো ভাইয়ের শ্বশুর বলে জানা গেছে।
মামলা ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, শিশুটি উপজেলার নগরবাড়ী এলাকার দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মনির সরদার ২০১৭ সালে মারা যান। এরপর মা ফাতেমা বেগম মেয়েকে নিয়ে কষ্টে সংসার চালিয়ে আসছেন।
পরিবারের অভিযোগ, সাত্তার ফরিয়া বিভিন্ন সময় শিশুটির পাশের বাড়িতে মেয়ে বিয়ে দেওয়ায় সুবাদে যাতায়াত করতেন। এ সুযোগে তিনি শিশুটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন বুধবার দুপুরে শিশুটির মা বয়স্ক ভাতার আবেদন করতে আগৈলঝাড়া বাজারে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সত্তার ফরিয়া শিশুটির ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের।
ঘটনার পর শিশুটি বিষয়টি কিছুদিন পরে তার মাকে জানালে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত সত্তার ফরিয়ার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগীর মা ফাতেমা বেগম বলেন, “আমার ছোট মেয়ে মাত্র ৯ বছরের। তার বাবা অনেক আগেই মারা গেছেন। অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। আমি চাই, আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুষ্ঠু বিচার হোক এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
এ বিষয়ে মুনিয়ার বাড়ির প্রতিবেশী চাচাতো ভাই আব্দুর রহমান বলেন, “অপরাধ যে-ই করুক, তার শাস্তি হওয়া উচিত। সে আমার শ্বশুর হলেও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত নয়। আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত বৃহস্পতিবার বরিশাল আদালতে অভিযুক্ত সত্তার ফরিয়া আত্মসমর্পণ করেছে।