ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং বনজ সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
গত মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে তিনি ছাতক উপজেলার বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ও বন বিভাগের বাগান পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন, সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রিয়াজ উদ্দিন, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন, ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, বন বিভাগের বিট অফিসার কে বি এম ফেরদৌস, ইসলামপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোহাম্মদ রুমেন এবং ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির প্রমুখ।
পরিদর্শনকালে সংসদ সদস্য সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বনভূমির সীমানা সুস্পষ্টভাবে চিহ্নিত করে বাঁশের বেড়া নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং বন বিভাগ, নৌ পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বনাঞ্চলের সার্বিক অবস্থা, বৃক্ষরোপণ কার্যক্রম, বাগানের রক্ষণাবেক্ষণ, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পদ সুরক্ষার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি অবৈধ দখল, বনজ সম্পদ ধ্বংস ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “সংরক্ষিত বনভূমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। কোনোভাবেই বনভূমি ধ্বংস বা অবৈধ বালু উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শন শেষে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সংসদ সদস্যের নির্দেশনা বাস্তবায়নে এবং বন বিভাগের সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নৌ পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে বনভূমি সংরক্ষণ এবং অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসব ঘটনার সত্যতা নিশ্চিত করছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন।
