স্থানীয় নেতৃবৃন্দের মতামতের উপর ভিত্তি করে দলীয় ভাবে নির্বাচনের জন্য একজনকে মনোনীত করা হবে- জহির উদ্দিন স্বপন এমপি

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কোন ভোট ডাকাতি হয়নি। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন দলীয় প্রতীক দেওয়া হবেনা। যোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তিকেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার দু’টি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের হলরুমে গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত হোসেন খান মনু ও রত্নপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রীর
রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি আরও বলেন, স্থানীয় নেতৃবৃন্দের মতামতের উপর ভিত্তি করে দলীয় ভাবে নির্বাচনের জন্য একজনকে মনোনীত করা হবে। ওই নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বাণ জানান।
এ সময় বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, আব্দুল মন্নান আকন, শামসুল হক খোকন, কার্তিক বেপারী, খন্দকার মোহাম্মদ আলী, মহিলা দল নেত্রী সাজেদা বাহাদুর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন তরু, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল, রত্নপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।