শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে সারা দেশে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)এর এক শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছনা ও মারপিটের প্রতিবাদে রেললাইন অবরোধ করেছে রাবির শিক্ষার্থীরা। বাংলাদেশ রেলওয়ের ট্রেন টিকিট এক্সামিনারের (টিটিই) বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দীনকে মারধরের অভিযোগের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ভোরে ক্যাম্পাসসংলগ্ন চারুকলা এলাকায় রেললাইন অবরোধ শুরু করেন রাবিরএকদল শিক্ষার্থী।এসময় রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাজশাহী স্টেশন ছেড়ে যেতে পারেনি। ফোরকান উদ্দীন জানান, সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে তিনি কয়েকজন যাত্রীর কাছ থেকে সরকারি রসিদ ছাড়া অর্থ আদায়ের ঘটনা দেখতে পান। এর প্রতিবাদ করলে দায়িত্বরত এক টিটিই তাকে মারধর করেন। এবং তিনি আরও বলেন, ঘটনার পর কয়েকজন প্রত্যক্ষদর্শীকে নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের কার্যালয়ে অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ উদ্দিন আহমেদ বলেন, রেললাইন অবরোধ করে রাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।#